পুরান ঢাকায় খানকা কুশায়ীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও খানকা কুশায়ীর পক্ষ থেকে নাতে রাসুল, মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ এশা রাজধানীর পুরান ঢাকার আজিমপুর স্টেট জনকল্যাণ সমিতির কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দরবার ও খানকার পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মাওলানা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হাফেজ সৈয়দ সাইদুর রহমান বলেন, মহানবী (সা.)-এর পৃথিবীতে আগমন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান রহমত। তিনি বিশ্ববাসীকে শান্তি, ন্যায়, মানবতা ও কল্যাণের শিক্ষা দিয়েছেন। তিনি আরও বলেন, নবীপ্রেম কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সত্য বলা, আমানত রক্ষা করা, মানুষের অধিকার নিশ্চিত করা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমেই মহানবী (সা.)-এর আদর্শ বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া নতুন প্রজন্মকে তার জীবন ও কর্ম সম্পর্কে অবহিত করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাহফিলে শিশু ও মাওলানারা নাতে রাসুল পরিবেশন করেন। পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনার পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে প্রায় ১ হাজার ২০০ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন হাক্কানী মঞ্জিলের পীর জাকির হোসেন সোবানী, ওয়ারি চিশতিয়া দরবারের পীর শামসুল হক চিশতী, বানিয়া নগরের পীর শাফায়েত উল্লাহ চিশতী ও আন্তর্জাতিক বক্তা মাসুদ রিজভীসহ বিভিন্ন দরবার ও খানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সততা, মানবিকতা ও পারস্পরিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দুরুদ ও সালাম পেশের মাধ্যমে মোনাজাত করা হয়।