মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে। বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পুলিশ সুপার কার্যালয়, সিভিল সার্জন অফিস, এলজিইডি, সড়ক ও জনপদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পৌরসভা, বিআরটিএ, পলিটেকনিক ইনস্টিটিউট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাসপোর্ট অফিস, বিসিক, মহিলা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, মৎস্য অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং শিল্পকলা একাডেমি।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় কনসার্ট, জুলাই বিজয় উদযাপন ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
একই দিনে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে শহরে একটি সমাবেশ ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছাত্রশিবির, ছাত্র মজলিস, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

