লংমার্চ নয়, জনগণকে সত্য তথ্য জানানোর আহ্বান আইসিটি মন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে সরকার গঠন করেছেন। এছাড়া ইরান-আমেরিকার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছে, তা থেকে উত্তরণের জন্য সরকার নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মধুপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম স্বপন।

বিরোধী দলকে সরকারের অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণ তাদেরও ভোট দিয়েছে, তাই সরকারের কাজে তাদেরও সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, তারা লংমার্চ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা বা বিভ্রান্তকর অবস্থা সৃষ্টি না করে সত্য তথ্য ও সত্য কথা তুলে ধরুন, এতে দেশের জনগণের মঙ্গল হবে।

শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষক সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারেন, কিন্তু শিক্ষাঙ্গনে রাজনীতি না করে শিক্ষার মান বৃদ্ধিতে মনোযোগি হতে হবে। যাতে মধুপুরের শিক্ষার্থীদের ফলাফল নিয়ে দেশজুড়ে গর্ব করা যায়। তিনি যোগ করেন, শুধু উন্নয়নের দাবি বা দাবি-দাওয়ার কথা বললে হবে না, শিক্ষার গুণগত মান বাড়ালে শিক্ষকদের সবকিছুর উন্নয়ন হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামীম আল মামুন জুয়েল। এছাড়া টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ এবং শিক্ষক আব্দুল মোতালেব ও স্বপন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, বিএনপি নেতৃবৃন্দ ও ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।