শীঘ্রই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন: তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

দেশের গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও পেশাদার কাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি) জানিয়েছেন যে, এই কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় অ্যাকশন প্ল্যান এবং খসড়া নীতিমালা খুব শীঘ্রই সরকারের অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠিত হলে সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, স্বচ্ছতা ও নৈতিক চর্চা নিশ্চিত করার একটি কার্যকর কাঠামো তৈরি হবে। এর মাধ্যমে সৎ, দক্ষ এবং দায়িত্বশীল সাংবাদিকরা রাষ্ট্রীয়ভাবে উৎসাহ ও প্রাতিষ্ঠানিক সহায়তা পাবেন। অন্যদিকে, যারা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড লঙ্ঘন করবেন, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায় যেখানে সাংবাদিকরা নির্ভয়ে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারবেন। প্রস্তাবিত গণমাধ্যম কমিশন এই লক্ষ্য বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয়; বরং সাংবাদিক, গণমাধ্যম মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগেই একটি বস্তুনিষ্ঠ ও সুস্থ সংবাদ পরিবেশ গড়ে তোলা সম্ভব। সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাব ও মতামত মনোযোগ দিয়ে শোনেন তিনি।

বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আখতার ফারুক শাহিন। সভায় বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জবালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন হাফিজ, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ, দৈনিক শাহানামার সম্পাদক কাজী আজাদ, বাংলাভিশনের সালেহ টিটু, দীপ্ত টিভির র্তুজা জুয়েল, নাগরিক টিভির শাহিন হাসান, আগামীর সময়ের তন্ময় তপু, দেশ টিভির শাকিল মাহমুদ এবং মোহনা টিভির শেখ শামীমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন।

সভায় সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের জন্য একটি নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, প্রস্তাবিত গণমাধ্যম কমিশন যেন সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি সংবাদপেশার মর্যাদা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। অনুষ্ঠানে বরিশালের প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও অন্যান্য গণমাধ্যমের বিপুলসংখ্যক সংবাদকর্মী অংশ নেন এবং সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।