সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৩

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (২০ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেছে। মৃত শিশুরা হলো তাসফিয়া, আব্দুল্লাহ ও তানভীর; যাদের প্রত্যেকের বয়সই দেড় বছরের নিচে। এই তিন শিশুর মৃত্যুর মধ্য দিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩ জনে পৌঁছেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৬৫ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো পজিটিভ রোগী ল্যাবরেটরিতে শনাক্ত না হলেও, এই সময়ের মধ্যে আরও ৫৮ জন সন্দেহভাজন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৫৪৫ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জনের ক্ষেত্রে ল্যাবে হামের উপস্থিতি নিশ্চিত ছিল, আর বাকিরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।