পিরোজপুরের মঠবাড়িয়ায় এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাজী একতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সভায় সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া হাজীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আবেগঘন বক্তব্য দেন কাজী একতা ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম অভি। নিজের প্রয়াত মায়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই মাঠে আমার হাজারো মা।’ সভায় তিনি ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভায় সাপলেজা ইউনিয়নের সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী এবং কাজী একতা ফাউন্ডেশনের সদস্যরা যোগ দেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কাজ এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, আগামীতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কীভাবে আরও বড় পরিসরে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে সকলের মতামত নেওয়া হয়।
কাজী একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তারা ইতিমধ্যে সাপলেজা ইউনিয়নের নয়টি ওয়ার্ডেই বিভিন্ন ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আগামীতে স্থানীয় মানুষের কল্যাণে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে এসব কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।

