মধুখালীতে কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য, মৃত্যুর আগে ধর্ষণের অভিযোগে ভিডিও

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে ১৭ বছর বয়সী কিশোরী মিথিলা আক্তারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দেড় মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৬ অক্টোবর নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর তিন দিন আগে ধারণ করা একটি ভিডিওতে তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিল সে। এই ঘটনার প্রেক্ষিতে নিহত কিশোরীর বাবা হান্নান শেখ বাদী হয়ে গত ২ নভেম্বর (সোমবার) চারজনকে আসামি করে মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবারের দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলে করে তিন যুবক মিথিলাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে মাগুরার শ্রীপুর উপজেলার মধুমতি নদীর একটি নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করা হয় বলে পরিবারের দাবি। ঘটনার পর কিশোরীটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে নাকোল পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে সেখানকার বাথরুমে ঢুকে হারপিক পান করে সে। প্রথমে মাগুরা ও পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর তাকে বাড়িতে আনা হলে ২৬ অক্টোবর তার মৃত্যু ঘটে।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানিয়েছেন, উদ্ধারের সময় ওই কিশোরী ধর্ষণের বিষয়ে পুলিশকে কিছু জানায়নি এবং তাদের প্রাথমিক তদন্তেও ঘটনাস্থলে ধর্ষণের কোনো আলামত মেলেনি। অন্যদিকে মধুখালী থানার ওসি সুকদেব রায় জানান, আত্মহত্যার চেষ্টার ঘটনাটি মাগুরার শ্রীপুর থানা এলাকায় ঘটেছিল। মৃত্যুর পর মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং ধর্ষণের অভিযোগের সত্যতা অনুসন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।