কুষ্টিয়া মেডিকেল কলেজে হাম ও ডেঙ্গু রোগীর ভিড়, চিকিৎসাধীন ৯২

কুষ্টিয়া জেলাসহ পার্শ্ববর্তী এলাকায় হাম ও ডেঙ্গু রোগের প্রকোপ অব্যাহত রয়েছে। এর ফলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এই দুই ব্যাধিতে আক্রান্ত রোগীর ভিড় ক্রমাগত বাড়ছে। তবে আশার কথা হলো, হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফেরার হারও বেশ সন্তোষজনক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আকুল উদ্দিন ও ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ সাব্বির হাসান খান স্বাক্ষরিত এক দাপ্তরিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হাসপাতালটিতে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হাম বা ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত ২১ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগে ভর্তি থাকা ৫৪ জন রোগীর মধ্যে এই সময়ে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীর সংখ্যা ৪৮ জন।

অন্যদিকে, ডেঙ্গু রোগীদের চিকিৎসায়ও হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৫১ জন। সব মিলিয়ে বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় ২৪ জন রোগী ডেঙ্গুমুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আকুল উদ্দিন বলেন, ঋতু পরিবর্তন এবং স্থানীয় পরিবেশগত কারণে হাম ও ডেঙ্গুর সার্বিক চাপ কিছুটা বেশি রয়েছে। চিকিৎসাধীন রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।