কুলাউড়ায় মাদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বদলিজনিত কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায় নেওয়া শিক্ষকরা হলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগম ও সহকারী শিক্ষক স্বপন সূত্রধর।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিমি দেব এবং সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সাইফুল ইসলাম। সভায় বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন বক্তারা। তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের নিষ্ঠা ও অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের নতুন কর্মস্থলে উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।

বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগম ও সহকারী শিক্ষক স্বপন সূত্রধর। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন ও মো. চিনু মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিমা আক্তার, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, সুখনাভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়ান আহমদ, এবং বিদ্যালয়ের জমিদাতা বাবুল মিয়া ও আকবর আলী। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগমকে কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সহকারী শিক্ষক স্বপন সূত্রধরকে কুলাউড়া উপজেলার এলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এদিকে, মাদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন রিমি দেব ও চয়ন দেবনাথ। স্কুল কর্তৃপক্ষ নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে।