খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আক্তার ঢালী ওই এলাকার বাসিন্দা মৃত মতলব ঢালীর ছেলে।
এর আগে গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার দূর্জনীমহলের সামনে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার দেড় মাসেরও কম সময়ের মধ্যে এবার দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন তার বাবা আক্তার ঢালী। পরপর বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে জয় ঢালীকে হত্যার সময় ৪ থেকে ৫ জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হামলা চালায়। হামলার পর তারা মোটরসাইকেলে করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে বাবা ও ছেলের এই দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

