কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আপন চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে যান। ওই সময় হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় সকাল ১০টার দিকে পরিবারের লোকজন তাদের খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে তিনি বিয়ে করেছিলেন। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

