ঝিনাইগাতীতে গভীর রাতে ঘোড়ার মাংস উদ্ধার, কারবারিরা পলাতক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে ঘোড়ার মাংস উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফুলহারি নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা নিয়মিত খোঁজখবর রাখতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সেখানে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান। তবে টের পেয়ে চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।

পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মাংসের নমুনা সংগ্রহ করে। ঝিনাইগাতী থানার সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থলে যান। সেখানে একটি ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেলেও কোনো বাঁধা ঘোড়া দেখা যায়নি। এছাড়া পুলিশের উপস্থিতির আগেই কারবারিরা পালিয়ে যায়।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িত কারবারিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।