কোটালীপাড়ায় সুলতান মাস্টার ট্রাস্টের উদ্যোগে খেলোয়াড়দের জার্সি বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুলতান মাস্টার ট্রাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কান্দি ইউনিয়নের ঘুঘরাহাটি আরকান মাদ্রাসা মাঠে এই জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘুঘরাহাটি একাদশ টিমের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন কান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ শেখ। এসময় অনুষ্ঠানে ৮৬ নং তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউল্লাহ, পুলিশের সাবেক সার্জন ইস্কিন্দার শেখসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশন বালুর মাঠে কয়খা নাইট ফুটবল টুর্নামেন্টের ১১ দলীয় খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জার্সি বিতরণকালে অতিথিরা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ বজায় রাখতে এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন বলে বক্তারা মন্তব্য করেন।