পাবনার ঈশ্বরদীতে যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও ইয়াবা সেবনের পৃথক অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলবেলা উপজেলার দুটি ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—পিয়ারাখলী গ্রামের আব্দুর রহমানের ছেলে ওষুধ ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম (৪২) এবং মানিকনগর গ্রামের আবেদ আলী বিশ্বাসের ছেলে রায়হান উদ্দিন জনি (৪০)।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সোমবার বিকেলে নতুনহাট বাজারের ‘ইমামুল ড্রাগ হাউজ’ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালান আদালত। সেখান থেকে ১০ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৫০০টি জিনসেং নামের নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধারের পর দোকান মালিক শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে মানিকনগর পাঠশালার মোড় এলাকার নিজ বসতবাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় রায়হান উদ্দিন জনিকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে দুই অভিযুক্তকেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অভিযান পরিচালনাকালে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

