কিশোরগঞ্জের ভৈরব অংশে নামমাত্র ইজারাকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে দিন-রাত চলছে অবৈধ বালু বাণিজ্য। অভিযোগ রয়েছে, অর্ধশতাধিক ড্রেজার ব্যবহার করে মেঘনা নদী থেকে বালু তোলায় শতবছরের পুরনো চর সোনারামপুর গ্রামটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইজারার আড়ালে বালু সন্ত্রাসীরা রাতের অন্ধকারে আশুগঞ্জ সীমানায় প্রবেশ করে অবাধে বালু উত্তোলন করছে।
এই অবৈধ কর্মকাণ্ডের ফলে শুধু বসতভিটাই নয়, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের টাওয়ার, কেপিআইভুক্ত বিদ্যুৎ কেন্দ্র এবং মেঘনা নদীর ওপর নির্মিত দুটি রেলসেতু ও একটি সড়ক সেতুও তীব্র ঝুঁকির মুখে পড়েছে। চরের বাসিন্দা বিনয় চন্দ্র দাস ও সুমা রানী দাস জানান, নদীভাঙনের ভয়াবহতায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। গ্রাম রক্ষায় তারা অতীতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। অবৈধ বালু মহাল থেকে প্রতিদিন কোটি টাকার বালু লুট হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তৎকালীন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মো. ছড়া বালু সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন। সে সময় সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয় এবং জব্দ করা ১০টি ড্রেজারের মধ্যে একটি ছিনিয়ে নেয়। ওই ঘটনায় মামলা দায়ের হলেও অপরাধীদের দৌরাত্ম্য থামেনি।
বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেন, ভৈরবের বালু সিন্ডিকেট রাতের আঁধারে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে ঢুকে পড়ছে এবং এতে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশ রয়েছে। তিনি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, কিশোরগঞ্জ জেলা থেকে ইজারা নিয়ে তারা ব্রাহ্মণবাড়িয়া সীমানায় অবৈধভাবে বালু তুলছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সাথে আলোচনা হয়েছে এবং বালু ব্যবসায়ীরা যেন অভিযানের সময় পালিয়ে যেতে না পারে, সেজন্য দ্রুত যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

