ভোলার দৌলতখান উপজেলায় এক অমানবিক ও ন্যক্কারজনক ঘটনার অভিযোগ পাওয়া গেছে। জীবিত এক জেলেকে মৃত হিসেবে নথিভুক্ত করতে রাজি না হওয়ায় সাদ্দাম হোসেন (৩০) নামের এক গ্রাম পুলিশকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মনির হোসেন নামে অপর এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। আহত সাদ্দাম হোসেন বর্তমানে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেক চৌকিদারের ছেলে।
রোববার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই হামলার ঘটনাটি ঘটে। সাদ্দাম হোসেনের অভিযোগ, সরকারি সহায়তা বা ভাতার তালিকায় থাকা জীবিত এক জেলেকে মৃত হিসেবে দেখানোর জন্য চাপ সৃষ্টি করেন মনির হোসেন। তিনি এতে রাজি না হওয়ায় মনির হোসেন তাকে মারধর করেন। হামলার সময় সাদ্দামের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে একাধিক সেলাই দিতে হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহত সাদ্দাম আরও অভিযোগ করেন, চরখলিফা ইউনিয়ন পরিষদের জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বস্তায় বস্তায় আত্মসাৎ করেন মনির হোসেন। এই দুর্নীতির তথ্য ফাঁস করে দেওয়ার পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই ঘটনা এলাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরখলিফা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মনির হোসেন সাদ্দামের সঙ্গে কথা-কাটাকাটির বিষয়টি স্বীকার করেছেন। তবে তার বিরুদ্ধে আনা চাল আত্মসাৎ বা হামলার অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

