গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি, কিশোরগঞ্জে নতুন দায়িত্ব

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বদলির রেশ কাটতে না কাটতেই এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি দাপ্তরিক পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। পত্রের নির্দেশনা অনুযায়ী, এই তিন কর্মকর্তাকে গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লহকে বদলি করা হয়েছিল। সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো একাধিক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তীতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছিল।