গাজীপুর শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ক্রমাগত আন্দোলন ও অসন্তোষের মুখে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া পরিস্থিতি বিবেচনায় দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উপস্থিতিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, টানা শ্রমিক অসন্তোষের কারণেই শ্রম আইনের বিধান অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ যেকোনো সময় কারখানাগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার ধারাবাহিকতায় সোমবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। তারা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
বিক্ষোভকারী শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে শৃঙ্খলা ফেরাতে বিজিবি ও পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা সড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে সরে যান এবং ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশের তথ্য মতে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় কর্মবিরতি ও বিক্ষোভ চলে আসছে। আন্দোলনের মুখে বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে।
অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বিজিবি ও আনসার। ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা সুসংহত রাখতে মাঠপর্যায়ে ১২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্বে নিয়োজিত রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে ছয় প্লাটুন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গাজীপুর জেলায় ছোট ও বড় মিলিয়ে প্রায় ৫ হাজার ২০০টি বিভিন্ন ধরনের কারখানা রয়েছে। এর মধ্যে অনুমোদিত তৈরি পোশাক কারখানার সংখ্যা দুই হাজারের বেশি, যার ৯০০টিরও বেশি সরাসরি রপ্তানিমুখী।

