রাজশাহীতে তেল সংকটের গুজব, পাম্পে গ্রাহকদের উপচে পড়া ভিড়

রাজশাহীতে হঠাৎ জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নগরী ও গ্রামাঞ্চলের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালক ও ব্যক্তিগত গাড়ির মালিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকেই আতঙ্কিত হয়ে আগাম ট্যাংক ভর্তি করতে পাম্পগুলোতে ছুটে যান।

সরেজমিনে দেখা যায়, নগরীর তুলনায় গ্রামাঞ্চলের বিভিন্ন পাম্পে ভিড় ছিল তুলনামূলক বেশি। হাবিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পেট্রোল ও অকটেন সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ায় সেখানে কেবল ডিজেল বিক্রি করা হচ্ছিল। এদিকে রাত সাড়ে ৯টার দিকে রুচিতা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য শতাধিক মোটরসাইকেল ও যানবাহন দীর্ঘ লাইনে অপেক্ষা করছে।

তেল নিতে আসা মোটরসাইকেল চালক সোহেল রানা জানান, আগের মতো তেলের সংকট হতে পারে এমন খবর শুনেই তিনি ট্যাংক ভর্তি করতে এসেছেন। জাকারিয়া নামে আরেক চালক জানান, ফেসবুকে খবরটি দেখার পর পরই তিনি পাম্পে এসেছেন, তবে লাইনের কারণে তেল পেতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

তবে পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। হঠাৎ অতিরিক্ত ক্রেতা একসঙ্গে চলে আসায় কিছু পাম্পে সাময়িক চাপের সৃষ্টি হয়েছে, যা কোনো প্রকৃত সংকটের কারণে নয়।

রাজশাহী পেট্রল পাম্প মালিক সমিতির উপদেষ্টা জ্যোতি চৌধুরী বলেন, “তেলের কোনো সংকট নেই। গুজবের কারণে মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে পাম্পে ভিড় করছেন। এতে অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে। আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করুন এবং কৃত্রিম সংকট তৈরির মতো পরিস্থিতি সৃষ্টি করবেন না।”