গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে।
ওষুধ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বেলা সাড়ে ১১টার দিকে যুগান্তরকে জানান, বর্তমানে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

