সিরাজগঞ্জে নিখোঁজের পর পুকুরে মিলল কৃষকের ভাসমান লাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাঁকাই বকুলতলা গ্রামের একটি পুকুর থেকে যতীন সর্দার (৫৮) নামে এক কৃষকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যতীন সর্দার রায়গঞ্জ উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মৃত বিশ্বনাথ সর্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যতীন সর্দার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার দুপুরে বাঁকাই বকুলতলা গ্রামের ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যতীন সর্দার দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীনতার সমস্যায় ভুগছিলেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, তবে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।