বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রাপথে মাদারীপুরের কালকিনি উপজেলার পৌরসভার ভূরঘাটা মজিদ বাড়ি এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এই স্থানে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে জামায়াতের প্রতিটি কর্মীকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া দলের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব। পাশাপাশি মানবিকতা, ন্যায়বিচার ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
এ সময় পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়াও কালকিনি পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

