চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ আহত

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২২। রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত সাজিদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দড়িয়াবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

আহতের অভিযোগ অনুযায়ী, চলন্ত অবস্থায় ছিনতাইকারীরা তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তাদের সাথে সাজিদের ধস্তাধস্তিও হয়। ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তেজগাঁও এলাকায় ট্রেনটি ধীরগতিতে চললে ছিনতাইকারীরা ছাদ থেকে নেমে পালিয়ে যায়।

ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পর সেখানে উপস্থিত পানি বিক্রেতাসহ দুই হকার তাকে উদ্ধার করেন। এরপর বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশের কনস্টেবল রুবেল তার স্বজন ও বন্ধুদের খবর দিয়ে সেখান থেকে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।