দুদকের জালে লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার, আটক ঘুসসহ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম। জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুস দাবি করেছিলেন ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। পরবর্তীতে ঘুসের এক লাখ টাকা গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় অবস্থিত বিভিন্ন দাগের ২৮২ শতাংশ জমির মালিকদের পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির জন্য তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন।

অভিযোগ রয়েছে, প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করার পরও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে আসাদুল ইসলাম কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুস দাবি করেন। ভুক্তভোগী মনিরুল ইসলাম বিষয়টি দুদককে জানিয়ে ঘুস গ্রহণের সময় তাকে হাতেনাতে আটকের অনুরোধ জানান।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুস গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের ও তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।