আগামী সেপ্টেম্বর মাস থেকে ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে আধা ঘণ্টা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়সূচি কার্যকর হলে রাত ১১টায় দিনের সর্বশেষ ট্রেন চলাচল করবে। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এবং এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাতের শিফটে ট্রেনের সময় বাড়ানোর জন্য নতুন অপারেটর বা চালক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যা ২৬ আগস্ট শেষ হবে। প্রশিক্ষণ শেষে এই দক্ষ জনবল দিয়ে রাতের ট্রেন পরিচালনা শুরু হবে। এছাড়া রাতে সময় বাড়লে রক্ষণাবেক্ষণ কাজের ওপর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়েও সংস্থাটি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
বর্তমানে মতিঝিল থেকে উত্তরা রুটে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায় এবং উত্তরা থেকে মতিঝিল রুটে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। দিনের প্রথম ট্রেন উত্তরা থেকে ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে ছাড়ে সকাল সোয়া ৭টায়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকালের দিকে চলাচলের সময় বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই।
মেট্রোরেল কর্তৃপক্ষের সক্ষমতা অনুযায়ী প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি ট্রেন চালানোর সুযোগ রয়েছে। প্রকল্প গ্রহণের সময় মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা থাকলেও জনবলের অভাবে এতদিন তা সম্ভব হয়নি। এখন পর্যায়ক্রমে সময় বাড়ানো হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন, তবে প্রকল্প অনুযায়ী প্রতিদিন পাঁচ লাখ যাত্রী যাতায়াতের কথা ছিল। এছাড়া কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজ শেষ হলে আগামী বছর যাত্রীসংখ্যা ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং দিন-তারিখ দ্রুতই চূড়ান্ত করা হবে। নতুন ট্রেন যুক্ত হলে দুই ট্রেনের মধ্যবর্তী বিরতির সময়ও কমে আসবে।

