মহাখালীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার চেষ্টার সময় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

আটক চারজন হলেন সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট–সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০-৪০ জন জড়ো হন। তারা সেখানে ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা একজনকে ধরে গণপিটুনি দেন এবং তাকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বনানী থানার পুলিশ আরও তিনজনকে আটক করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন। পুলিশ তাদের বাধা দিলে অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।