৩৪ বছরেও বাস্তবায়ন হয়নি জিনজিরা পিএম পাইলট স্কুল সরকারিকরণ

১৯৯২ সালের ২২ মে কেরানীগঞ্জে আয়োজিত এক বিশাল জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয়টি সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন। তবে দীর্ঘ ৩৪ বছর অতিবাহিত হওয়ার পরও সেই ঘোষণা আজও বাস্তবায়িত হয়নি। দীর্ঘ এই সময়কালে বিদ্যালয়টি সরকারিকরণ না হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসায় এলাকাবাসী খালেদা জিয়ার সেই ঘোষণা বাস্তবায়নের নতুন করে প্রত্যাশা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষণার পর ১৯৯২ সালের ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব এম হাফিজ উদ্দিন খান স্বাক্ষরিত একটি পত্রে বিদ্যালয়টি সরকারিকরণের উদ্যোগ গ্রহণের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ওই পত্রের অনুলিপি তৎকালীন সংসদ সদস্য আমানউল্লাহ আমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে সেই প্রক্রিয়াটি আর এগোয়নি।

১৯২২ সালে প্রতিষ্ঠিত জিনজিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেরানীগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। স্থানীয় শিক্ষানুরাগী ও দানবীর মরহুম খান বাহাদুর হাজী হাফেজ মোহাম্মদ হোসেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৫৮ সালে বিদ্যালয়টির প্রথম পরিচালনা কমিটি গঠিত হয়। বিদ্যালয় থেকে প্রকাশিত ‘আরশি’ স্মরণিকা অনুযায়ী, ১৯৫৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ৭৪ থেকে ৮৬ শতাংশের মধ্যে ছিল।

২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর ২০০৩ সালে বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের উদ্যোগে জিনজিরা সমিতি কলেজ শাখার উন্নয়নে ভূমিকা রাখে। তৎকালীন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কলেজ শাখার উদ্বোধন করেন এবং একই বছর প্রধান শিক্ষক এমএ সোবাহান কলেজ শাখার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি টানা ৪০ বছর শিক্ষকতা শেষে ২০০৮ সালে অবসরে যান।

বিগত তিন দশকের বেশি সময়ে আওয়ামী লীগ ও বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এলেও বিদ্যালয়টি সরকারিকরণের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। কেরানীগঞ্জ থেকে নির্বাচিত একাধিক জনপ্রতিনিধি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও এই প্রতিষ্ঠানের বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। অতীতে তাজউদ্দীন আহমদ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, পল্লীকবি জসীমউদ্‌দীন, আবুজর গিফারী, আবুল হাসেম, শিক্ষা সচিব হেদায়েত আহমেদ, জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার আমিনুল হক, অধ্যাপক মো. ইউনুস, ওসমান ফারুক এবং আমানউল্লাহ আমানসহ অনেক বিশিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।

বিদ্যালয়ের স্কুল শাখার প্রধান মিজানুর রহমান জানান, জিনজিরা পিএম পাইলট স্কুল প্রতিষ্ঠার সময় এই এলাকায় আর কোনো বিদ্যালয় ছিল না। ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারিকরণের ঘোষণা দিলেও স্থানীয় কিছু ব্যক্তিস্বার্থের কারণে তা বাধাগ্রস্ত হয়। বর্তমানে স্কুল শাখায় তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত দুই হাজার ৬৩৬ জন এবং কলেজ শাখায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে প্রায় ৬০০ জনসহ মোট তিন হাজার ২৩৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তিনি আরও জানান, বিগত সময়ে রাজনৈতিক কারণে শিক্ষার মান কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এখন অতীতের গৌরব ফিরিয়ে আনতে কাজ চলছে এবং মেধাবী শিক্ষার্থীরা এখানে ভর্তি হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘোষণার পরও বিদ্যালয়টি সরকারীকরণ না হওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাদের দাবি, দীর্ঘ সময় বিএনপি রাষ্ট্রক্ষমতায় না থাকায় এ উদ্যোগ বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারা বর্তমান সরকারের আমলে বিদ্যালয়টি সরকারিকরণের দাবি জানিয়েছেন।