ভারতের অভ্যন্তরীণ রুটে উড়াল দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দরজা খুলে যাওয়ার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের আকাশসীমায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, জরুরি অবতরণের পর উড়োজাহাজটিতে থাকা সংকটজনক এক নারী রোগীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারী রোগীর নাম অঞ্জনা ভৌমিক।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উড্ডয়নরত অবস্থায় যান্ত্রিক গোলযোগের দরুন উড়োজাহাজটির দরজা খুলে গেলে ঢাকার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। কন্ট্রোল টাওয়ার থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বিমানটি ঢাকায় অবতরণ করে।
বিশেষায়িত এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে পাইলটসহ মোট ৭ জন আরোহী ছিলেন, যাদের সবাই ভারতীয় নাগরিক। ফ্লাইটটিতে পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। এ ছাড়া মৃত রোগী অঞ্জনা ভৌমিকের সাথে ভ্রমণ করছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, একজন প্যারামেডিক এবং দুজন স্বজন।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, সি৯০এ (C90A) মডেলের উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA) এবং এটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। মাঝআকাশে কী কারণে বিমানের দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা অন্য ৬ জন আরোহী সুস্থ আছেন। ফ্লাইটটি ভারতের অভ্যন্তরীণ হওয়ায় তাদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা নেই। বাংলাদেশের প্রচলিত আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

