হাজারীবাগে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা: ৩ জন গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বুধবার রাতে দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় অংশ নেওয়া বাকি দুর্বৃত্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাজারীবাগের সিকদার মেডিকেলের পেছনে ম্যান্ডি ডেন্টাল রোডে এই তাণ্ডবের ঘটনা ঘটে। প্রায় ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত হেলমেট ও মাস্ক পরিহিত অবস্থায় ২৩টি মোটরসাইকেলে করে সেখানে প্রবেশ করে। মাত্র ১৮ মিনিটের তাণ্ডবে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।