রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এই তথ্য জানান।
ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই কাজ সম্পন্ন হওয়ার পরপরই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে। আপাতত ১০ একর জায়গাতেই অস্থায়ীভাবে বাস টার্মিনাল ও ডিপোর কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও জানান, পরবর্তী সময়ে রাজউকের মাধ্যমে প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মিত হলে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন সেখানে স্থানান্তরিত হবে। একই সঙ্গে ট্রাক ও বাদামতলী আড়তের ট্রাকগুলোও সেখানে সরিয়ে নেওয়া হবে। চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের।
মোসলেহ্ উদ্দিন আহমদ সতর্ক করে দিয়ে বলেন, আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে শিফট করা হবে। সেখানে পরিবহন ব্যবস্থা সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কেউ অনিয়ম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

