রাজধানী ঢাকার অন্যতম প্রধান সমস্যা হিসেবে যানজট ও রাস্তায় হকারদের অব্যবস্থাপনাকে চিহ্নিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রিকশা ও হকারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় ঢাকার সড়ক ব্যবস্থাপনা অনেকটা অচল হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পর নিজের অগ্রাধিকার সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দীর্ঘদিন অনেকটা অবহেলিত ও অকার্যকর অবস্থায় ছিল। তাই তার প্রথম লক্ষ্য ছিল এই প্রতিষ্ঠানটিকে সক্রিয় ও কার্যকর করে গড়ে তোলা। তিনি জানান, নগরবাসীর দৈনন্দিন নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করার পাশাপাশি মশার উপদ্রব, ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা ও সড়কবাতির মতো মৌলিক সমস্যাগুলো সমাধানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মো. আব্দুস সালাম মনে করেন, শুধু সিটি করপোরেশনের একার উদ্যোগে ঢাকার সব নাগরিক সমস্যার সমাধান সম্ভব নয়। নগরীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সাধারণ মানুষের দায়িত্বশীল অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, সিটি করপোরেশনকে এখন একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চলছে, যেখানে প্রতিটি সমস্যার কারণ ও দ্রুত সমাধানের উপায় নিয়ে কাজ করা হচ্ছে।
নাগরিকদের অভিযোগ জানানোর সুবিধার্থে এলাকাভিত্তিক গণশুনানির ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া সিটি করপোরেশন কার্যালয়ে সরাসরি অভিযোগ জানানোর পাশাপাশি একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো নাগরিক দ্রুত সমস্যার কথা জানাতে পারেন। গণমাধ্যমে কোনো সমস্যা উঠে এলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হয়, তবে সব অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয় না বলেও স্বীকার করেন তিনি।
নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি 'গ্রিন সিটি ও ক্লিন সিটি' হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। শহরকে পরিষ্কার ও সবুজ রাখতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

