বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বায়ুদূষণ বাড়ছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, ১৭৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই স্কোর বাতাসের মানকে নাগরিকদের জন্য 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করে।
তালিকায় ১৭৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এছাড়া ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা, যাদের স্কোর যথাক্রমে ১৬৭ ও ১৬১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান 'অনেক ভালো', ৫১ থেকে ১০০ 'মাঝারি বা সহনীয়', ১০১ থেকে ১৫০ 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি স্কোর 'দুর্যোগপূর্ণ' হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)—এই পাঁচটি দূষণ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো জটিলতায় বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়।

