ধানমন্ডির সুধা সদনের পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধা সদনের পরিত্যক্ত প্রাঙ্গণ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকাল সাড়ে তিনটার দিকে ময়নাতদন্তের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শাকিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির সন্তান।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, সুধাসদনের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়। সিআইডি ঘটনাস্থলে পৌঁছে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের পর প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।