ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: দিনভর ভোগান্তিতে রোগী ও স্বজনরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ডাকা ধর্মঘটের কারণে দিনভর চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম মানবিক সংকটে পড়েন। মঙ্গলবার দিনব্যাপী চলা এই ধর্মঘটের ফলে জরুরি প্রয়োজন সত্ত্বেও অ্যাম্বুলেন্স না পেয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় ভুক্তভোগীদের।

হাসপাতালের জরুরি বিভাগ, কলেজ গেট, নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স থাকলেও চালকদের অনেকেই রোগী পরিবহন করেননি। অভিযোগ রয়েছে, ধর্মঘটে অংশ নেওয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্সগুলো যেমন হাসপাতালে প্রবেশ করতে পারেনি, তেমনি বাইরের অ্যাম্বুলেন্সগুলোকেও ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সরকারি অ্যাম্বুলেন্সগুলোকেও এদিন তেমনভাবে রোগী পরিবহন করতে দেখা যায়নি।

অ্যাম্বুলেন্স না পাওয়ায় স্বজনরা দীর্ঘ চার থেকে আট ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও ব্যর্থ হয়েছেন। গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে গিয়ে স্বজনদের উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটাতে হয়েছে। এছাড়া, মরদেহ বাড়িতে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে অনেকে পিকআপ ভ্যান, রিকশা, ভ্যান কিংবা সিএনজিচালিত অটোরিকশার মতো বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে বাধ্য হয়েছেন। মূলত পার্কিংয়ের দাবিতে মালিকদের এই ধর্মঘট সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।