ঢাকাই সিনেমার আলোচিত মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে বিয়ের জন্য চাপ দিয়ে ব্যর্থ হওয়ার পর টানা দুই ঘণ্টা নির্যাতনের অভিযোগ উঠেছে আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। গত ২৪ জুলাই শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে থাকা মডেল কো-অর্ডিনেটর ইমনকেও শারীরিক নির্যাতন করা হয় এবং তার পায়ের নখ তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী অভিনেত্রী জানান, বছর খানেক আগের পরিচিত ইমন নামের এক কো-অর্ডিনেটরের মাধ্যমে তিনি একটি বিজ্ঞাপনের অফার পান। ইমন তাকে জানায়, ২০ লাখ টাকার এই কাজের বিনিময়ে সে স্নিগ্ধা চৌধুরীকে ১৭ লাখ টাকা দেবে। সেই কাজের চুক্তি করার কথা বলে ২৪ জুলাই রাত সাড়ে ৮টা নাগাদ স্নিগ্ধা চৌধুরীর বুকিং করা উবারে চড়ে তাকে রাজধানীর ৩০০ ফিটের পাশের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তিনি নজরুল ইসলাম ভূঁইয়া ও তার অনুচর পলাশ এবং পিএস মিয়ামিসহ কয়েকজনকে দেখতে পান। আলাপচারিতার এক পর্যায়ে নজরুল তাকে জেবা তাকিয়া সম্বোধন করে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। তিনি দাবি করেন যে, স্নিগ্ধা চৌধুরী তার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং তাকে আবারও বিয়ে করতে হবে।
স্নিগ্ধা চৌধুরী জানান, নজরুল তলোয়ার সদৃশ ধারাল অস্ত্র হাতে নিয়ে তাকে হত্যার হুমকি দেন এবং জোরপূর্বক সাদা স্ট্যাম্পে সই আদায় করেন। এরপর তাকে বেড টাইপ সোফায় বসতে বাধ্য করা হয় এবং রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। নজরুল তাকে কুসুম গরম কফি গায়ে ঢেলে দেন এবং নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত কফি পান করতে বাধ্য করেন। এ সময় লাঠি দিয়ে তার পায়ের পাতায় ১৪ বার আঘাত করা হয় এবং চুল ধরে স্পাইনাল কর্ডের ওপরের অংশে ৫ থেকে ৭ বার মারধর করা হয়।
এক পর্যায়ে নজরুল বুঝতে পারেন যে তিনি ভুল ব্যক্তিকে নির্যাতন করছেন। তখন স্নিগ্ধা চৌধুরী কৌশলে দরজা দিয়ে বেরিয়ে ৩০০ ফিট রোডে চলে আসেন এবং একটি অটোরিকশায় চড়ে প্রাণ রক্ষা করেন। বাড়িতে ফেরার পর তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়দের মতে, নজরুল ইসলাম ভূঁইয়া তার অফিসে টর্চার সেল তৈরি করে বিভিন্ন সময় মানুষকে নির্যাতন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে গিয়ে স্নিগ্ধা চৌধুরীর উবার বুকিং স্লিপ এবং লোকেশন ট্র্যাকিংয়ের তথ্য পাওয়া গেছে।
অভিযুক্ত নজরুল ইসলাম ভূঁইয়া সকল অভিযোগ অস্বীকার করেছেন। লোকেশন ট্র্যাকিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে ৪ বছর আগে চিনতাম। তখন তাকে বলা হয় আপনি তো তাকে জেবা তাকিয়া ভেবে মেরেছেন? সে তো জেবা তাকিয়া না, তখন সে আগামীকাল সকালে দেখা করার কথা বলে। তবে স্নিগ্ধা চৌধুরী গত ২৬ জুলাই রাতে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেছেন।

