ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জামির আলীর ছেলে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভেঙে অপসারণের কাজ করছিলেন ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা লোহার রডটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি মুহূর্তের মধ্যে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুর্ঘটনার পরপরই উপস্থিত লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইয়ানুরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনসার উল্লাহ হক। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতাবশত রডটি বিদ্যুতের মেইন লাইনে লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

