কুমিল্লায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান, দুই ভবনমালিককে জরিমানা

কুমিল্লা নগরীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট দুই ভবনমালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন স্থাপনা ও ভবনের আশপাশে জমে থাকা পানি এবং মশার প্রজননস্থলগুলো পরিদর্শন করা হয়। অভিযানে ঝাউতলা এলাকার ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাদুরতলা ডাক্তারপাড়ায় নোমান নামের এক ব্যক্তির ভবনে লার্ভা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে স্থানীয়দের উদ্দেশ্যে জমে থাকা পানি দ্রুত অপসারণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ছাদ, বারান্দা, নির্মাণাধীন স্থাপনা, বিভিন্ন পাত্র, ড্রাম ও টব নিয়মিত পরিষ্কার রাখার জন্য সতর্ক করা হয়েছে। কুসিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় নিয়ে মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত নজরদারি ও কার্যক্রম অব্যাহত থাকবে।

সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ডেঙ্গু হটস্পট শনাক্ত ও মশার বংশবিস্তার রোধে এই অভিযান চলমান থাকবে। তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণাধীন ভবনসহ সব ধরনের স্থাপনায় পানি জমতে না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।