জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের ওই জমিতে বিস্ফোরণটি ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন নয়ন জমাদ্দার (৩০), আনোয়ার জমাদ্দার (৫০) এবং আরমান জমাদ্দার (১৭)। এদের মধ্যে নয়ন জমাদ্দার তারামিয়া জমাদ্দারের ছেলে এবং আনোয়ার জমাদ্দার মজিদ জমাদ্দারের ছেলে। আরমান আনোয়ার জমাদ্দারের ছেলে।

বিস্ফোরণে নয়ন জমাদ্দারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিতে ককটেল রোদে শুকানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

তবে আহতদের স্বজনদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। ঘটনার দিন তারা জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ছায়েদ জমাদ্দার নামে একজন কৃষক জানান, পাশের ক্ষেতে কাজ করার সময় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি আহতদের পড়ে থাকতে দেখেন। তবে কারা বোমা নিক্ষেপ করেছে তা তিনি নিজে দেখেননি।

এ বিষয়ে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।