শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার চিত্র এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক ও জাতিগোষ্ঠী যে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন, তা বিশ্বকে দেখাতে হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন। তবে উৎসবের সময় ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার দুর্গোৎসবের বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে কোনো ঘটনা অতিরঞ্জিত করতে না পারে, সেজন্য পূজা উদ্যাপন পরিষদকে সঠিক তথ্য দ্রুত জানানোর পরামর্শ দেন তিনি। গুজব শনাক্তে সাইবার ইউনিট কাজ করবে বলেও সভায় জানানো হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম সভায় জানান, চট্টগ্রাম মহানগরীর বাইরে জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২ হাজার ২৮৭টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০টি মণ্ডপে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে এবং পূজা কমিটিগুলোকে দ্রুত প্রকৃত তথ্য তুলে ধরতে হবে।
নিরাপত্তার অংশ হিসেবে পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের জন্য আলাদা পোশাক বা আর্মব্যান্ড ব্যবহার এবং স্বেচ্ছাসেবকদের তালিকা ও মুঠোফোন নম্বর সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া মণ্ডপ কমিটির অভ্যন্তরীণ বিরোধ পূজার আগেই মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়। প্রতিমা পরিবহন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, সম্ভব হলে দিনের আলোয় প্রতিমা মণ্ডপে আনা এবং সূর্যাস্তের আগেই বিসর্জন সম্পন্ন করা উচিত। বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো ও ট্রাফিক ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
উৎসবের ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পারস্পরিক শ্রদ্ধা ও উদারতার চর্চা পৌঁছে দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ জাহিদুল ইসলাম। সভায় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

