চাটমোহরে সার মজুদের দায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে কৃষকদের কাছে সার বিক্রি না করে অবৈধভাবে ৮০ বস্তা সার গুদামে মজুদ রাখার দায়ে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জব্দকৃত ৮০ বস্তা সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান। এ সময় চাটমোহর থানা পুলিশের একটি দল তাকে সহায়তা প্রদান করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছাইকোলা বাজারে তালিকাভুক্ত সার ডিলাররা যখন কৃষকদের মধ্যে সার সরবরাহ কার্যক্রম পরিচালনা করছিলেন, তখন মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের গুদামে ৮০ বস্তা সার মজুদ থাকা সত্ত্বেও তা বিক্রির পরিবর্তে অন্য গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি নজরে আসার পরই অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা কৃষিবীদ কুন্তলা ঘোষ জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।