চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় রোববার বেলা আড়াইটার দিকে একটি দ্রুতগামী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহত মাহীনুর বেগম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।
দুর্ঘটনার সময় মাহীনুর বেগম তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, অটোরিকশাটি বাকিলা থেকে চাঁদপুরের দিকে যাওয়ার পথে দেবপুর এলাকায় পৌঁছালে অন্য একটি অটোরিকশাকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
এই ঘটনায় মাহীনুরের ভাই মো. ইউনুছ (২৮) এবং অপর এক নারী যাত্রী আহত হয়েছেন। আহত মো. ইউনুছ হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের মৃত পনু মিয়ার ছেলে। অপর আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও অটোরিকশাটি হেফাজতে নিয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

