সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের আহ্বান বিসিক চেয়ারম্যানের

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো বলেছেন, শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে হবে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, শিল্প স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে।

বিসিক চেয়ারম্যান বলেন, বিসিক শিল্পপার্কগুলোকে আধুনিক, উদ্যোক্তাবান্ধব এবং বিনিয়োগ-সহায়ক পরিবেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিক কাজ করে যাচ্ছে। শিল্প উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা সহজীকরণ এবং শিল্প স্থাপনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশকে আরও গতিশীল করা হবে। এর ফলে দ্রুত শিল্প স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিসিক চেয়ারম্যান শিল্পপার্কের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, প্লট বরাদ্দ এবং শিল্প স্থাপনের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্যোক্তারা শিল্প স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়ে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। বিসিকের এই পরিদর্শন কার্যক্রমে আঞ্চলিক পরিচালক, সহকারী মহাব্যবস্থাপক, শিল্পপার্ক সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।