ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় জুথি আক্তার (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার পীরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুথি আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মোঃ হুমায়ূন মিয়ার মেয়ে। তিনি স্বামী ও সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনায় জুথি আক্তারের স্বামী জাকির হোসেন ও তাদের দেড় বছর বয়সী শিশু সন্তান জায়ান আহমেদ আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টি.এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

