বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

বগুড়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এই রায় প্রদান করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত দোষী সাব্যস্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। রায় অনুযায়ী, আদায়কৃত জরিমানার অর্ধেক অর্থ নিহত হৃদয়ের সন্তানের জন্য বরাদ্দ থাকবে এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে আসামিরা চাঁদার দাবিতে হামলা চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে হৃদয়কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।