ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল

দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী যেকোনো ধরনের ষড়যন্ত্র এবং নৈরাজ্য প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসনের প্রয়োজন হবে না, কারণ নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিরোধে দলের বিপুলসংখ্যক নেতাকর্মীই সক্ষম।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বর্তমানে বিদেশি বিনিয়োগ প্রায় ১২ থেকে ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হারও বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি সবাইকে এই অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার উন্নয়নসংক্রান্ত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল ও কৃষক দলের নেতারা যদি এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রস্তাব দেন, তবে সেগুলো অনুমোদনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

নিজের এলাকা ১৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে মীর হেলাল বলেন, এই এলাকার কাছেই তাঁর বেড়ে ওঠা এবং তাঁর চাচারা এখনো সেখানে বসবাস করেন। অতীতে এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজেও মানববন্ধনে অংশ নিয়েছিলেন এবং তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিল। দৃষ্টিনন্দন ও নিরাপদ এই ফুটওভার ব্রিজটি উদ্বোধনের পর তিনি নগরের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও এ ধরনের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। সংসদ সদস্য ও মন্ত্রীরা জনগণের সেবক এবং জনগণের সেবা করাই তাঁদের মূল দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমান। পরে নামফলক উন্মোচনের মাধ্যমে ব্রিজটির উদ্বোধন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪২ মিটার দীর্ঘ, ৮ ফুট প্রশস্ত ও ১৮ ফুট উচ্চতার এই ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ আট মাসে সম্পন্ন হয়েছে।