কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রী ঝুমা আক্তার তাকে উপহার দেওয়া একটি সেলাই মেশিন ফেরত দিয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে তার নিজ বাড়িতে গিয়ে মেশিনটি ফেরত নেন বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী। এ সময় বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিনটি উপহার পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে ঝুমা আক্তার বলেন, আমার স্বামী বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন এবং আমিও বিএনপি পরিবারের সদস্য। জামায়াতের পক্ষ থেকে মেশিনটি দেওয়া হয়েছে তা আমি শুরুতে জানতাম না। আমি ভেবেছিলাম আমার স্বামীর বন্ধু ইদ্রিস আলী ব্যক্তিগতভাবে এটি উপহার দিয়েছেন। গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়ায় আমরা বিব্রত বোধ করি, তাই মেশিনটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিই।
জামায়াত নেতা মাওলানা মো. ইদ্রিস আলী জানান, প্রয়াত বিএনপি নেতা সাইফুল ইসলামের পরিবার আর্থিক সংকটে পড়লে তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে ইউনিয়ন ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর উপস্থিতিতে মেশিনটি দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, পরিবারটি বিব্রতবোধ করায় তাদের অনুরোধেই আমি মেশিনটি ফিরিয়ে নিয়েছি। এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এই সেলাই মেশিনটি প্রদান করা হয়েছিল।
অন্যদিকে, বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন জানিয়েছেন, সাইফুল ইসলামের পরিবারের সহায়তায় সংসদ সদস্য ও বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে আর্থিক সহযোগিতা, গভীর নলকূপ, টয়লেট ও ঘর নির্মাণের পাশাপাশি ঝুমা আক্তারকে একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান দাবি করেন, অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই তারা মেশিনটি দিয়েছিলেন, কিন্তু দলীয় নেতাদের চাপে পরিবারটি এখন তা অস্বীকার করতে বাধ্য হয়েছে।

