কিশোরগঞ্জের মিঠামইনে বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতিকে নিয়ে কনের বাড়ি থেকে ফেরার পথে অটোরিকশাচালকদের হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাটখাল গরুর হাট এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকার স্বপন মিয়ার সঙ্গে বৈরাটি ইউনিয়নের মাইজচর গ্রামের জোনাকি আক্তারের বিয়ে সম্পন্ন হয়। শনিবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা ও খাওয়া-দাওয়া শেষে নবদম্পতিকে নিয়ে কনের স্বজনেরা বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের বহনকারী অটোরিকশা কাটখাল গরুর হাট এলাকায় পৌঁছালে চরকাটখাল এলাকার অটোরিকশাচালক দয়াল মিয়া পেছন থেকে তাদের এক স্বজনকে ধাক্কা দেন। এ নিয়ে প্রতিবাদ জানালে দয়াল মিয়া ও তাঁর সহযোগী অটোরিকশাচালকরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় কনের পরিবারের অন্তত ১৪ জন আহত হন।
ঘটনার খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় হামলাকারীরা পুলিশের ওপরও আক্রমণ করলে কাউসার মিয়া নামে এক পুলিশ সদস্য আহত হন। মাইজচর গ্রামের ভুক্তভোগী বাচ্চু মিয়ার অভিযোগ, দয়াল মিয়া ওই এলাকার অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন এবং এলাকায় তার বেশ প্রভাব রয়েছে। তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে এবং এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে দাবি করা হয়। আহত ১৪ জনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।
অন্যদিকে, দয়াল মিয়ার স্ত্রী রূপ নাহার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করে বলেন, মাইজচরের লোকজন বিয়েবাড়ি থেকে ফেরার পথে সাইড দেওয়ার জন্য তার স্বামী অটোরিকশার হর্ন বাজালে তারা ক্ষিপ্ত হয়ে তার স্বামীর ওপর হামলা চালান। বর্তমানে তার স্বামীও চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে কাটখাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল গাফফার জানান, দুই পক্ষের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানেও পুলিশের ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

