আশুগঞ্জে টিকটক ভিডিওর কমেন্ট নিয়ে সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার সোহাগপুর গ্রামে এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার (৩০ অক্টোবর)। ওইদিন টিকটক ভিডিওতে একটি মন্তব্য করা নিয়ে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাকড় বাড়ি নামের দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধ তৈরি হয়।

বিরোধ মীমাংসার লক্ষ্যে শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে বিষয়টি মীমাংসা করা হলেও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই উভয় পক্ষ আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল এবং পুলিশের উপস্থিতিতে বৈঠকও হয়েছিল। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানিয়েছেন।