খাগড়াছড়িতে প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধিতে সেনাবাহিনীর প্রশিক্ষণ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ পালনে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে বাটনাতলী আর্মি ক্যাম্পে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে দুর্গম পাহাড়ের বিভিন্ন গ্রামের প্রান্তিক খামারিরা অংশ নেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের আধুনিক ও সঠিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি পশুপাখির রোগ শনাক্তকরণ, সময়মতো টিকাদান, কৃমিনাশক ওষুধের সঠিক ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সল এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বাটনাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন এবং স্থানীয় হেডম্যান ও কারবারিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন খামারিদের পশুপাখির সাধারণ রোগের লক্ষণ ও প্রতিকারের কৌশলগুলো তুলে ধরেন। প্রশিক্ষণ চলাকালে খামারিরা তাদের বিভিন্ন সমস্যার কথা জানান এবং সংশ্লিষ্টরা সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেন। একজন খামারি জানান, আগে গবাদিপশু অসুস্থ হলে তারা দিশেহারা হয়ে পড়তেন এবং অনেক সময় কবিরাজের শরণাপন্ন হতে হতো। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা সঠিক পরিচর্যা ও সময়মতো টিকা দেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে প্রয়োজনীয় পশুপাখির ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। দুর্গম এলাকায় এসব ওষুধ সহজলভ্য না হওয়ায় স্থানীয় খামারিরা একে বড় ধরনের সহায়তা হিসেবে দেখছেন। স্থানীয় এক হেডম্যান বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ের মানুষের মনে সাহস জোগায়। গবাদিপশু সুস্থ থাকলে খামারিদের পারিবারিক আর্থিক অবস্থারও উন্নতি ঘটে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সিন্দুকছড়ি সেনা জোন নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা, চক্ষু ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।