প্রায় ছয় সপ্তাহ ধরে ১০৪টি ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এবারের আসরে রেকর্ড ভাঙা-গড়ার পাশাপাশি নতুন নায়কের উত্থান এবং অভিজ্ঞ তারকাদের শেষ ঝলক দেখা গেছে। বিশ্বকাপ শেষে বিবিসি স্পোর্টসের সাংবাদিকরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, উদীয়মান তারকা, স্মরণীয় মুহূর্ত, সেরা গোল ও সেভসহ বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের পছন্দের তালিকা তৈরি করেছেন।
অফিসিয়াল গোল্ডেন বল জিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন স্পেনের অধিনায়ক রদ্রি। সিলভার বল পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ব্রোঞ্জ বল জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তবে বিবিসির বিশ্লেষকদের মতে, ৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ; আট ম্যাচে আট গোল ও চার অ্যাসিস্ট করে তিনি আবারও প্রমাণ করেছেন বয়স তার খেলায় প্রভাব ফেলেনি। ব্যক্তিগত তালিকায় কেউ কেউ জুড বেলিংহাম, মাইকেল অলিসে কিংবা রদ্রিকেও সেরা হিসেবে বেছে নিয়েছেন।
সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাও কুবারসি। পুরো টুর্নামেন্টে রক্ষণভাগের নেতৃত্ব দিয়ে তিনি দলকে মাত্র একটি গোল হজম করতে দিয়েছেন। এছাড়া সাংবাদিকদের তালিকায় মরক্কোর আইয়ুব বুয়াদ্দি, নরওয়ের আর্লিং হলান্ড, কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা, যুক্তরাষ্ট্রের অ্যালেক্স ফ্রিম্যান, সুইজারল্যান্ডের ইয়োহান মানজাম্বি এবং মেক্সিকোর গিলবার্তো মোরাকেও উদীয়মান তারকা হিসেবে রাখা হয়েছে।
টুর্নামেন্টের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবিসির প্রতিবেদকরা মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের আবহ, জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় এবং কেপ ভার্দের সিডনি কাবরালের আর্জেন্টিনার বিপক্ষে গোলটিকে বেছে নিয়েছেন। এছাড়া সমর্থকদের তালিকায় মেক্সিকোর আবেগ ও আতিথেয়তা, আর্জেন্টিনার নিরবচ্ছিন্ন গান ও উন্মাদনা এবং নরওয়ের ‘ভাইকিং রো’ উদ্যাপন বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
সেরা গোলের তালিকায় ফিল ম্যাকনাল্টি মেসিকে এগিয়ে রাখলেও, তালিকায় কেপ ভার্দের সিডনি কাবরালের গোল, বসনিয়ার কেরিম আলাজবেগোভিচের একক নৈপুণ্য, নরওয়ের আর্লিং হলান্ডের শট এবং হুলিয়ান আলভারেজ ও আন্তোনিও নুসার গোলগুলোও স্থান পেয়েছে। গোলরক্ষকদের মধ্যে হাইতির জনি প্লাসিদের ডাবল সেভ, জর্ডান পিকফোর্ড, অরইয়ান নিয়ল্যান্ড, আয়মান দাহমেন, প্যাট্রিক বিচ এবং আলিরেজা বেইরানভান্দ সেরা সেভগুলোর জন্য আলোচনায় রয়েছেন।
তবে এবারের আসরে ব্রাজিলকে সবচেয়ে বড় হতাশা হিসেবে চিহ্নিত করেছেন অনেকে। কার্লো আনচেলত্তির অধীনে দলটির ধীরগতির ফুটবল সমালোচনার মুখে পড়েছে। এছাড়া সেনেগালের ব্যর্থতা, পর্তুগালের শেষ ষোলো থেকে বিদায়, যুক্তরাষ্ট্রের হতাশাজনক পারফরম্যান্স এবং মেটলাইফ স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা হয়েছে।

